• ঢাকা
  • শুক্রবার, ০৮ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুখ্যমন্ত্রী হওয়ার সুখবর পেলেন থালাপতি


আন্তর্জাতিক ডেস্ক মে ৮, ২০২৬, ০৫:১৪ পিএম
মুখ্যমন্ত্রী হওয়ার সুখবর পেলেন থালাপতি

ছবি : সংগৃহীত

ঢাকা: পদত্যাগের সব জল্পনা-কল্পনাকে পেছনে ফেলে তামিলনাড়ুতে অবশেষে সরকার গঠন করতে যাচ্ছে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। ভারতীয় এনডিটিভি জানিয়েছে, বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছে থালাপতির দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)।

শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৪টায় গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসছেন বিজয়। ধারণা করা হচ্ছে, এই বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন।

সূত্র বলছে, কংগ্রেসের ৫ জন বিধায়কের পাশাপাশি ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই এবং সিপিএমের ২ জন করে মোট ৬ বিধায়কের সমর্থন পেয়েছে টিভিকে। ফলে দলটির সমর্থন এখন ১১৯-এ পৌঁছেছে, যা ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে।

এর আগে বুধবার ও বৃহস্পতিবারও গভর্নরের সঙ্গে বৈঠক করেছিলেন বিজয়। তবে দুইবারই গভর্নর দাবি করেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন টিভিকের হাতে নেই।

গত মাসের বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে চমক দেখায় টিভিকে। নির্বাচনে অংশ নিয়েই দলটি তামিলনাড়ুর দুই প্রধান দ্রাবিড় দল ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের রাজনৈতিক আধিপত্যে বড় ধাক্কা দেয়।

বৃহস্পতিবারের বৈঠকে গভর্নর বিজয়কে প্রশ্ন করেছিলেন, ‘মাত্র ১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?’ পাশাপাশি কোন কোন দল টিভিকেকে সমর্থন দেবে, সেটিও জানতে চান তিনি। তখন বিজয়ের জবাবে সন্তুষ্ট হননি গভর্নর।

এরপর থেকেই তামিলনাড়ুর রাজনীতিতে শুরু হয় জোট ও সমর্থন নিয়ে তীব্র দরকষাকষি। শুরুতেই কংগ্রেস টিভিকেকে সমর্থনের ঘোষণা দেয়। তবে তারা শর্ত দেয়, বিজেপির মতো ‘সাম্প্রদায়িক শক্তির’ সঙ্গে কোনো জোট করা যাবে না।

সবচেয়ে বেশি নাটকীয়তা তৈরি হয়েছিল ভিসিকে ও দুই বাম দলের অবস্থান ঘিরে। কারণ নির্বাচনের আগে তারা ডিএমকের জোটে ছিল।

শেষ পর্যন্ত ওই দলগুলোর সমর্থন নিশ্চিত হওয়ায় বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ এখন অনেকটাই পরিষ্কার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পিএস

Link copied!