• ঢাকা
  • শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২১, ২০২৬, ১০:৩৮ এএম
স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

ছবি : সংগৃহীত

ঢাকা: স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে ভোরে তাকে আবার কারাগারে নেওয়া হয়।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশের পর ইমরানকে হাসপাতালে নেওয়া হয়। গত মঙ্গলবার আদালত তার চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। এরপর শুক্রবার রাতে তাকে শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়।

ইমরানকে হাসপাতালে নেওয়ার আগে সেখানে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি হাসপাতালের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে পাকিস্তান সরকার আপিল করলেও আদালত তা গ্রহণ করেনি। এ কারণে ধারণা করা হয়েছিল, চিকিৎসার জন্য ইমরানকে কিছুদিন হাসপাতালে রাখা হতে পারে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আবার আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়।

দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরান খানের স্বাস্থ্য নিয়ে তাঁর পরিবার ও দল উদ্বেগ প্রকাশ করে আসছে। উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার দাবিও জানিয়ে আসছিল তারা।

ইমরান খান ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান। এরপর ২০২৩ সালের ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তোশাখানায় জমা বিদেশি উপহারের তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

পরে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাগারে দীর্ঘদিন অবস্থানের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে পরিবার ও দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ইমরানকে হাসপাতালে নেওয়া এবং কয়েক ঘণ্টা পর ফের কারাগারে পাঠানোর বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তথ্যসূত্র: দ্য ডন

এসআই

Link copied!