• ঢাকা
  • শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২১, ২০২৬, ১২:২৬ পিএম
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

ছবি : সংগৃহীত

ঢাকা: পেরুর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৭ বলে জানিয়েছে। তবে পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের হিসাবে এর মাত্রা ৭ দশমিক ২।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেরুর আয়াকুচো অঞ্চলের পারিনাকোচাস প্রদেশে। কোরাকোরা শহরের প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৮ কিলোমিটার।

ভূমিকম্পের কম্পন রাজধানী লিমাসহ পেরুর বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। তবে শক্তিশালী ভূমিকম্প হলেও এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের স্থাপনা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূ-বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় ভূকম্পনের শক্তির একটি বড় অংশ ভূগর্ভেই শোষিত হয়েছে। ফলে ভূপৃষ্ঠে এর প্রভাব তুলনামূলক কম ছিল।

সাম্প্রতিক সময়ে পেরুর উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এ কারণে দেশটির ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া বাড়িতে জরুরি অবস্থায় বের হওয়ার পরিকল্পনা পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় জরুরি সামগ্রী প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়। ২০০৭ সালে দেশটির ইকা অঞ্চলে ৭ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছিল।

এসআই

Link copied!