• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৩, ২০২৬, ০৩:২৩ পিএম
হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী এলাকায় ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এ তথ্য জানিয়ে বলেছে, সাম্প্রতিক এই ঘটনা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি পরিবহনের একটি প্রধান পথ, যা দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি পরিবাহিত হতো।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকে এই নৌপথটি মধ্যপ্রাচ্য সংঘাতের কেন্দ্রে চলে আসে। তেহরান বর্তমানে বাণিজ্যিকভাবে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি ও বিভিন্ন নৌযানে হামলা চালাচ্ছে এবং এর জবাবে ওয়াশিংটনও ইরানের বন্দরগুলোতে তেল রপ্তানি বন্ধে পাল্টা অবরোধ আরোপ করেছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা জানায়, হরমুজ প্রণালী থেকে বের হওয়ার সময় প্রথম ট্যাংকারটিতে হামলা চালানো হলে সাময়িকভাবে আগুন ধরে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং কোনো হতাহত বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি। জাহাজটি পরবর্তীতে পুনরায় যাত্রা শুরু করে।

এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বদিকে দ্বিতীয় অপরিশোধিত তেলবাহী ট্যাংকারটিতে একই ধরনের আঘাত হানা হয়। দ্বিতীয় জাহাজের নাবিকরাও নিরাপদ আছেন এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসএইচ 

Link copied!