• ঢাকা
  • শুক্রবার, ০৮ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাবেক সেনাপ্রধানের দুর্নীতি ইস্যুতে যা বললেন দুদক চেয়ারম্যান


নিজস্ব প্রতিনিধি মে ২৯, ২০২৪, ০৭:১২ পিএম
সাবেক সেনাপ্রধানের দুর্নীতি ইস্যুতে যা বললেন দুদক চেয়ারম্যান

ঢাকা: সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে দুদকে আবেদন করেছেন এক আইনজীবী। এসব অভিযোগ শিডিউলভুক্ত হলে অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

বুধবার (২৯ মে) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিন দুপুরে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধান করতে দুদকে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।

এ বিষয়ে প্রশ্ন করা হলে দুদক চেয়ারম্যান বলেন, ‘অভিযোগ আমি দেখিনি। যে কোনো অভিযোগ দুদকের শিডিউলভুক্ত হলে তা আমলে নেওয়া হয়। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যদি দুদকের শিডিউলভুক্ত হয়, আমরা পরীক্ষা করে দেখবো। শিডিউলভুক্ত হলে আমলে নেওয়া হবে।’

দুদক চেয়ারম্যান বরাবর করা ওই আবেদনে আইনজীবী রিগ্যান বলেন, দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট জাতীয় ও আর্ন্তজাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কিন্তু দুঃখের বিষয় দুর্নীতি দমন কমিশন এত বড় অভিযোগ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করেনি। যা দুদকের নিষ্ক্রিয়তা। এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এর আগে গত ২১ মে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আজিজ আহমেদ অবসরে যাওয়ার প্রায় ৩ বছর পর এ নিষেধাজ্ঞা এলো।

আইএ

Link copied!