ঢাকা: আগামী ২৮ অক্টোবর (শনিবার) সমাবেশের জন্য আওয়ামী লীগের কাছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য চেয়েছে পুলিশ।গতকাল বুধবার একটি চিঠির মাধ্যমে এসব তথ্য চাওয়া হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা আরও দুটি ভেন্যুর নাম কোথায় দেব তা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে চূড়ান্ত করা হবে। আজকেই তাদের (পুলিশ) চিঠির জবাব দেওয়া হবে।’
এর আগে গত ২০ অক্টোবর সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ। সমাবেশের অনুমতির আবেদনের জবাবে গতকাল বুধবার পাল্টা চিঠি দেয় পুলিশ।
চিঠিতে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ বিভিন্ন তথ্য চেয়েছে পুলিশ। পাশাপাশি জননিরাপত্তাজনিত কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কোথায় হতে পারে এমন বিকল্প দুটি নাম চেয়েছে।
জানা গেছে, আগামী ২৮ অক্টোবর বিকেলে ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেখানে বিএনপির থেকেও বড় জমায়েত করতে চায় ক্ষমতাসীন দলটি। ওইদিন শান্তি ও উন্নয়ন সমাবেশের অনুমতি এবং ট্রাফিক ব্যবস্থা জোরদার করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেয় মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
এমএস


























-6a397791a3645-20260622190839.jpg)












