• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপির প্রার্থী জালাল উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২২, ২০২৫, ০৮:১৭ পিএম
বিএনপির প্রার্থী জালাল উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

বিদেশে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর–২ (মতলব) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিনসহ পাঁচজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার দুদকের তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

ড. মো. জালাল উদ্দিন ছাড়াও যাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা হলেন শাহানাজ পারভিন, সাঈদ মোহাম্মদ রিজভী, সাঈদ মোহাম্মদ আলভী ও আয়েশা তাসিনীমা তানিভী।

দুদকের আবেদনে বলা হয়, গোপন সূত্রে জানা গেছে অভিযুক্ত ব্যক্তিরা দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ সংগ্রহে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। জনস্বার্থে অনুসন্ধান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি। এসব যুক্তি বিবেচনায় নিয়ে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

দুদক জানিয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তা নিজেদের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বৈধ করার চেষ্টা এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ড. মো. জালাল উদ্দিন এই অনুসন্ধানে প্রধান অভিযোগভুক্ত ব্যক্তি। তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া তার সঙ্গে সংশ্লিষ্ট আরও চারজনের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে।

দুদকের এই পদক্ষেপে নির্বাচনী প্রক্রিয়ার প্রাক্কালে চাঁদপুর-২ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!