ফাইল ছবি
জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
বৃহস্পতিবার (০৪ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ এই পদ পাওয়া রবিউল ইসলাম নয়ন দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। মাঠপর্যায়ের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে দলীয় হাইকমান্ডের কাছে তিনি বিশ্বস্ত নেতা হিসেবে পরিচিত।
কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি তিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব হিসেবেও নিজের দায়িত্ব পালন করছেন। নতুন এই দায়িত্ব পাওয়ার পর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
এসএইচ







































