• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তবে কী শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে ভারত?


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩, ২০২৬, ০২:৫০ পিএম
তবে কী শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে ভারত?

ফাইল ছবি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, বিষয়টি আইনগত ও সুসংগঠিত প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং আদালত এর সঙ্গে সম্পৃক্ত থাকায় নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়। ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার বিষয়েও একই প্রক্রিয়া প্রযোজ্য বলে জানান তিনি।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অফ বেঙ্গল কনভার্সেশন ২০২৬’-এর গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত একটি সেশনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

শেখ হাসিনা কীভাবে ভারতে গিয়েছিলেন, সে প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। সে সময় বাংলাদেশে যে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই তিনি এসেছিলেন এবং পৃথিবী বা কোনো দেশই সে ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না।

তিনি বলেন, সেই মুহূর্তে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং একজন প্রতিবেশী হিসেবে তখনকার বাস্তবতাকে গ্রহণ করাই ভারতের দায়িত্ব ছিল। ভারত যদি তাকে অবতরণের অনুমতি না দিত, তবে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন।

বাংলাদেশের নিরাপত্তা প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং নিজেদের নিরাপত্তার বিষয়টি তারা অন্য যেকোনো দেশের চেয়ে ভালো বোঝে। বাংলাদেশের কী করা উচিত, তা কাউকে বলে দেওয়ার কারণ নেই।

তিনি আরও উল্লেখ করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল লেনদেনভিত্তিক নয়, বরং এর সঙ্গে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন জড়িত। দুই দেশের সম্পর্কে কিছু মতপার্থক্য থাকতে পারে, তবে সংলাপ, আলোচনা ও পারস্পরিক আস্থার মাধ্যমেই কেবল সেই সমস্যার সমাধান সম্ভব।

এসএইচ 

Link copied!