ছবি: প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলায় গভীর রাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা–ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় সাইম নামের এক যুবক আহত হয়েছেন।
বুধবার (৫ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে মেলান্দহ পৌরসভার মিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।
নিহত ব্যক্তিরা হলেন মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার ঢালুয়াবাড়ী গ্রামের ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) এবং তাঁর ভাতিজা, মৃত উজ্জলের ছেলে আকাশ (২০)। তাঁরা দুজনই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন।
পুলিশ ও নিহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, মাহমুদপুর এলাকায় একটি বিয়ের দাওয়াত শেষে রাত দুইটার দিকে বাড়ি ফিরছিলেন কাজল ও আকাশ। পথে মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যান।
খবর পেয়ে স্থানীয় লোকজন কাজলকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, রাতেই ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেলসহ আকাশের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেলচালক সাইম (২২) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএইচ







































