• ঢাকা
  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া, ঠিকাদারের ম্যানেজার গ্রেপ্তার


জেলা প্রতিনিধি এপ্রিল ১৫, ২০২৬, ১১:২১ এএম
প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া, ঠিকাদারের ম্যানেজার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণের কাজের মান নিয়ে অভিযোগ তোলায় এক উপ-সহকারী প্রকৌশলীকে মারধর ও বাঁশ নিয়ে তাড়া করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী মির্জা মো. তরিকুল ইসলাম সোমবার রাতে নবীনগর থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম।

মামলায় স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন ও তার গাড়িচালক বিল্লাল হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার পর মঙ্গলবার রাতে ঠিকাদারের ব্যবস্থাপক ফোরকানকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, নবীনগরের মেরকুটা বাজার থেকে শিবপুর গ্রাম পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় রাজশাহীর ‘বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ কোটি ৬৩ লাখ টাকা।

অভিযোগ রয়েছে, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি যাচাই করতে সোমবার ঢাকার একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে গেলে সেখানে উত্তেজনা তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় ঠিকাদার লোকমান হোসেন ও তার সহযোগীদের সঙ্গে প্রকৌশলী তরিকুল ইসলামের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে হাতে বাঁশ নিয়ে তাকে তাড়া করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এম

Link copied!