ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘লাইট অফ জাস্টিস সোসাইটি’। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি দুর্গত এলাকায় দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে সংগঠনটি। ঢাকা ও চট্টগ্রাম জেলা টিমের যৌথ সমন্বয়ে বাঁশখালীর বিভিন্ন এলাকায় এই মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা প্রধান মানসিব ইয়ামান আজম মজুমদারের নেতৃত্বে দুটি ধাপে এই পুরো কার্যক্রম পরিচালিত হয়। প্রথম ধাপে বাঁশখালীর ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম চাপাছড়ি এলাকায় এবং দ্বিতীয় ধাপে ৬ নম্বর বৈলছড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া এলাকায় বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের তথ্য সংগ্রহের কাজও শুরু করেছে সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা। সংগৃহীত এসব তথ্য পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রয়োজনীয় পুনর্বাসন সহায়তা পেতে পারে।
এবারের মানবিক কার্যক্রমে সরাসরি অংশ নেন লাইট অফ জাস্টিস সোসাইটির প্রেসিডেন্ট আফসানা রহমান মোনা, জেনারেল সেক্রেটারি মো. নূর জামাল হক, সহ-স্বাস্থ্য সম্পাদক নাদিয়া আক্তার, ঢাকা বিভাগীয় প্রধান নাসিম মাহমুদ এবং চট্টগ্রাম জেলা প্রধান মানসিব ইয়ামান আজম মজুমদার।
এছাড়া স্থানীয় প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ইঞ্জিনিয়ার জুবায়ের সাকিব, ফারুকুল ইসলাম শাকিল, ইমরান হোসেন শাকিল, ফরহাদুল ইসলাম, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ ইলিয়াস হোসেন শাকিল, মোহাম্মদ সরোয়ার নাজিম, তাওহিদ হৃদয় এবং বৈলছড়ি ব্লাড ডোনেশন-এর সদস্যরা মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত এই সামাজিক সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে সেবামূলক কাজ করে আসছে।
এসএইচ







































