• ঢাকা
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করবে সরকার: এমপি মিস্টি


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৮, ২০২৬, ০৭:০১ পিএম
সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করবে সরকার: এমপি মিস্টি

ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে সাংবাদিকদের জন্য দিনব্যাপী একটি বিশেষ ডেন্টাল বা দাঁতের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিস্টি। তিনি দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের অনন্য ভূমিকার কথা স্মরণ করে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌসী আহমেদ মিস্টি বলেন, সাংবাদিকরা তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশকে একটি সুন্দর ও সমৃদ্ধ অবস্থানে নিয়ে যেতে পারেন। সমাজে যাতে কোনো ধরনের অপতথ্য ছড়াতে না পারে, সে বিষয়ে সাংবাদিকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিয়ে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলেও আশাবাদ প্রকাশ করেন এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চিকিৎসকেরা জানান, দাঁতের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হলেও ডিআরইউ সদস্যদের জন্য স্বল্প খরচে উন্নত চিকিৎসার সুব্যবস্থা করা হবে। নির্দিষ্ট সময়ে চেম্বারে গিয়ে সাংবাদিকরা এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। অন্যদিকে ডিআরইউ নেতৃবৃন্দ উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও সাংবাদিকদের জন্য স্থায়ী চিকিৎসা ও স্বাস্থ্য বিমা নিশ্চিত করার তাগিদ দেন।

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, সদস্যদের স্বাস্থ্য সুরক্ষাকে সংগঠনটি সবসময়ই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সারা বছর বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। সাংবাদিকদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে খুব শিগগিরই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্থায়ীভাবে একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও তিনি ঘোষণা করেন।

ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি, কল্যাণ সম্পাদকসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। দিনব্যাপী এই ক্যাম্পে বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী বিনামূল্যে দাঁতের পরীক্ষা ও পরামর্শ সেবা গ্রহণ করেন।

এসএইচ 
 

Link copied!