ছবি : প্রতিনিধি
সাভার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, খাদ্য মন্ত্রণালয়কে কীভাবে দুর্নীতিমুক্ত করা যায়, সে বিষয়ে বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় সাভারের নামা বাজার এলাকায় অবস্থিত সাভার খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী থাকতে পারবেন না। কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। দেশের সব মানুষ যাতে নিরাপদ ও মানসম্মত খাদ্য পায়, সে বিষয়েও খাদ্য মন্ত্রণালয় সতর্ক ও সচেতন রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভারের খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম এবং সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পিএস







































