• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তৃতীয় বিয়ে করছেন ৬১ বছরের আমির খান, পাত্রীর বয়স কত?


বিনোদন ডেস্ক জুন ৪, ২০২৬, ১২:৪৭ পিএম
তৃতীয় বিয়ে করছেন ৬১ বছরের আমির খান, পাত্রীর বয়স কত?

বলিউডের বাতাসে নতুন গুঞ্জন। সব জল্পনা উড়িয়ে জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। পাত্রী দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাট। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, আগামী ৫ জুলাই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই জুটি।

দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে নানা কানাঘুষো চললেও এবার তা আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে। অত্যন্ত গোপনীয়তা ও পারিবারিক আবহে আমিরের নিজের বাসভবনেই বসবে এই বিয়ের আসর।

জানা গেছে, জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান নয়, বরং আইনি নিবন্ধনের (কোর্ট ম্যারেজ) মাধ্যমে বিয়ে সম্পন্ন করবেন ৬১ বছর বয়সী আমির ও ৪৭ বছর বয়সী গৌরী। দুই পরিবারের সদস্য এবং অতি ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া এই আয়োজনে আর কেউ থাকছেন না।

আমিরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দুজনেই এখন জীবনের একটি পরিণত ও স্থিতিশীল পর্যায়ে রয়েছেন। নিজেদের এই সুন্দর সম্পর্ককে আজীবন ধরে রাখতেই যৌথভাবে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যেই বিয়ের প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

অতিথি তালিকা নিয়ে গোপনীয়তা বজায় রাখা হলেও বলিউড পাড়ায় জোরালো খবর—আমিরের দীর্ঘদিনের দুই পরম বন্ধু শাহরুখ খান ও সালমান খান এই ঘরোয়া আয়োজনে অংশ নিতে পারেন, তবে তা অনেকটাই নির্ভর করছে তাঁদের শুটিং শিডিউলের ওপর।

২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে প্রথমবার গৌরী স্প্র্যাটকে সবার সামনে নিয়ে আসেন আমির খান। এরপর থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে গৌরীর প্রতি তাঁর ভালোবাসা ও ভালো লাগার কথা অকপটে স্বীকার করেছেন অভিনেতা।

এক সাক্ষাৎকারে নিজের আবেগ প্রকাশ করে আমির বলেছিলেন, "আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে গৌরীর মতো একজন মানুষের সঙ্গে আমার পথচলা শুরু হয়েছে। ওর সান্নিধ্য আমাকে মানসিক শান্তি দেয়। রীনা কিংবা কিরণের সঙ্গে আমার অতীত সম্পর্ক খুব গভীর ছিল, তবে তা টেকেনি। এখন মনে হয়, গৌরীর আসাটা আমার জীবনের বড় এক আশীর্বাদ।"

পেশাগত পরিচয়ের বাইরে গৌরীর পারিবারিক ইতিহাসও বেশ আকর্ষণীয়। তার দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট নেতা, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ব্যক্তিগত জীবনে গৌরীর আগের সংসারের ‘কুইন’ নামের ৭ বছরের একটি ছেলে রয়েছে।

এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ২০০০ সালে দীর্ঘ ১৪ বছরের সেই দাম্পত্যের অবসান ঘটে। পরবর্তীতে ২০০৫ সালে তিনি বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে। ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে এই জুটি ১৫ বছরের সংসারের ইতি টানেন।

তবে বিচ্ছেদ হলেও দুই সাবেক স্ত্রীর সঙ্গে আমিরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো অটুট। বিভিন্ন পারিবারিক উৎসব কিংবা সন্তানদের অনুষ্ঠানে এখনো তাঁদের নিয়মিত একসঙ্গে হাসিমুখে ক্যামেরাবন্দী হতে দেখা যায়। এবার দুই সাবেক স্ত্রীর উপস্থিতিতেই আমির তাঁর নতুন জীবন শুরু করবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

এম

Link copied!