• ঢাকা
  • সোমবার, ৩০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ, আবার বেড়েছে দাম


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৩০, ২০২৬, ০৫:০৭ পিএম
স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ, আবার বেড়েছে দাম

ছবি : সংগৃহীত

ঢাকা: পতনের সুযোগকে কাজে লাগাতে স্বর্ণের প্রতি আকৃষ্ট হয়েছিল বিনিয়োগকারীরা। এতে করে আন্তর্জাতিক বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। সোমবার (৩০ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাাজর ৫২৯.৫৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের এপ্রিল ডেলিভারির স্বর্ণ ফিউচারস ০.৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৫৮.৩০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে স্বর্ণের দাম কয়েক মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর বিনিয়োগকারীরা ‘বাই দ্য ডিপ’ কৌশল গ্রহণ করেন, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। উল্লেখ্য, গত সোমবার স্বর্ণের দাম নেমে দাঁড়ায় ৪ হাজার ০৯৭.৯৯ ডলারে, যা ২০২৫ সালের নভেম্বরের পর সর্বনিম্ন।

তবে চলতি মাসে স্বর্ণের দাম ১৪ শতাংশের বেশি কমেছে, যা ২০০৮ সালের পর সবচেয়ে বড় মাসিক পতনের ইঙ্গিত দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হওয়াও স্বর্ণের ওপর চাপ তৈরি করেছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ায় তেলের দাম বাড়ছে। বিশেষ করে ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের আশঙ্কা, তেলের দাম দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকলে তা বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়াবে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোকে কঠোর মুদ্রানীতি বজায় রাখতে বাধ্য করবে।

যদিও স্বর্ণকে সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়, উচ্চ সুদের হার এই ধাতুর চাহিদা কমিয়ে দেয়, কারণ এতে কোনো সুদ পাওয়া যায় না।

এদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রূপার দাম ১.৮ শতাংশ বেড়েছে। পাশাপাশি প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!