• ঢাকা
  • সোমবার, ৩০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশে ‘মব’ কালচার থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০২৬, ০৬:১৬ পিএম
দেশে ‘মব’ কালচার থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো ‘মব’ কালচার থাকবে না। সোমবার (৩০ মার্চ) সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে বিকেল সাড়ে তিনটায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।  

এর আগে রুমিন ফারহানা তার সম্পূরক প্রশ্নে বলেন, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাঁড়ার ঘা সবসময়ই থাকে। দীর্ঘ ১৫ বছর গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতনের কালচার ছিল। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখলাম ‘মব কালচার’। ২০২৪-এর সেপ্টেম্বর থেকে ২০২৬-এর জানুয়ারি পর্যন্ত ২৫০-৩০০ এর উপরে মানুষ এই মবের খপ্পরে পড়ে নিহত হয়েছেন। আমার প্রশ্ন— এই খারাপ কালচার বন্ধ করার ব্যাপারে সরকার কী ব্যবস্থা নেবে?

উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত পরিসংখ্যানের বিষয়টি আমার কাছে নেই। তবে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত মবের ঘটনা ঘটেনি। আর সব কিছুকে ‘মব’ বলা ঠিক হবে না। এখানে ডেফিনেশন আলাদা করতে হবে।

তিনি বলেন, গাইবান্ধার পলাশবাড়ী থানায় হামলা, ২১শে ফেব্রুয়ারিতে সদস্যের ওপর হামলা কিংবা উত্তরায় দোকানপাট বন্ধ করা— সেগুলো কি মব হবে? সব কিছুকে এক বলা যাবে না। কিছু আছে সংগঠিত, পরিকল্পিত অপরাধ, যার বিরুদ্ধে মামলা ও তদন্ত হয়। তবে স্পষ্ট কথা— বাংলাদেশে কোনো রকম মব কালচার আর থাকবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় কোনো দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা অন্তর্বর্তী সরকারের সময় দেখা গিয়েছে, সেটাকে আমরা আর কখনো এলাও করব না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি থাকবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো যাবে, সেমিনার বা জনসমাবেশ করা যাবে; কিন্তু সড়ক অবরোধ করে দাবি আদায়ের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

পিএস

Wordbridge School
Link copied!