• ঢাকা
  • সোমবার, ৩০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হঠাৎ মুখোমুখি সরকার ও বিরোধী দলীয় নেতা, বিষয়বস্তু কী?


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০২৬, ০৪:৫১ পিএম
হঠাৎ মুখোমুখি সরকার ও বিরোধী দলীয় নেতা, বিষয়বস্তু কী?

ছবি: সংগৃহীত

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানকে নিয়ে সংসদ ভবনের নিজের কক্ষে বৈঠক করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা শেষে এ বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জানাজার আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে সঙ্গে নিয়ে নিজের কক্ষে যান এবং সেখানে কিছু সময় কথা বলেন। প্রায় ১৭ থেকে ১৮ মিনিট পর তারা কক্ষ থেকে বেরিয়ে আসেন। প্রধানমন্ত্রী নিজে বিরোধী দলীয় নেতাকে তার কক্ষ পর্যন্ত এগিয়ে দেন। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি।

বৈঠকের সময় স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। পরে বিকেল ৩টায় সংসদ অধিবেশন শুরুর আগে দুজনই অধিবেশন কক্ষে প্রবেশ করেন।

এর আগে বেলা ১২টায় দিলারা হাফিজের জানাজায় অংশ নিতে সংসদ ভবনে আসেন প্রধানমন্ত্রী। শেষ বিদায়ের সময় সেখানে যোগ দেন বিরোধী দলীয় নেতা। এ সময় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে মির্জা ফখরুল সরে দাঁড়ান। জানাজা শেষে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা কথা বলতে বলতে সংসদ ভবনে প্রবেশ করেন এবং প্রধানমন্ত্রীর কক্ষে যান।

সংসদে বিরোধী দলীয় নেতার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। হঠাৎ এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দিয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে এর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানানো হয়নি।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!