• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ট্রাম্পের হুমকির পর যুদ্ধবিরতির আহ্বান জানাল চীন


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২, ২০২৬, ০৪:৪১ পিএম
ট্রাম্পের হুমকির পর যুদ্ধবিরতির আহ্বান জানাল চীন

ফাইল ছবি

ঢাকা: মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠানো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর বেইজিং এমন আহ্বান জানাল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘সামরিক উপায়ে কোনো সমস্যার মৌলিক সমাধান সম্ভব নয়। সংঘাতের চরম বিস্তার কোনো পক্ষের স্বার্থ রক্ষা করবে না।’ এ সময় সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান মাও নিং।

হোয়াইট হাউসে বুধবার দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর হামলার মাধ্যমে ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দেন। এই হামলা অগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চালানো হবে। তাঁর ভাষণের কয়েক ঘণ্টা পর প্রতিক্রিয়ামূলক বিবৃতি প্রচার করে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’।  

বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনাদের অপমান, লাঞ্ছনার স্থায়ী ও নিশ্চিত অনুশোচনা এবং আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে।’ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে উদ্দেশ্য করে খাতাম আল-আম্বিয়া বলেছে, ‘আরও বিধ্বংসী, ব্যাপক ও ধ্বংসাত্মক পদক্ষেপের অপেক্ষায় থাকুন।’

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ট্রাম্পের ভাষণের পর ইরান দুই দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বৃহস্পতিবার ছয় ঘণ্টার ব্যবধানে মোট চারবার ক্ষেপণাস্ত্রের আঘাত শনাক্ত হয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!