• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করলো এনবিআর


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২, ২০২৬, ০১:১৯ পিএম
ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করলো এনবিআর

ফাইল ছবি

ঢাকা: স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রাথমিকভাবে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (২ এপ্রিল) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রতিষ্ঠানগুলোর তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪০৫টি উৎপাদনকারী, ৯৮টি সেবাদানকারী, ৬৫টি খুচরা ও পাইকারি বিক্রেতা এবং ৩২টি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে।

ভ্যাট অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচনের এ স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনাকে করদাতাবান্ধব করার পাশাপাশি রাজস্ব ফাঁকি রোধ করাও সম্ভব হবে বলে মনে করেন তিনি।

এনবিআর জানায়, ভ্যাট অডিট প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউলের সফল বাস্তবায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ই-ভ্যাট সিস্টেমে এ সংযোজিত অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউলে ২০টি রিস্ক ক্রাইটেরিয়ার ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, নতুন এই রিস্ক ম্যানেজমেন্ট মডিউলের আওতায় সুনির্দিষ্ট রিস্ক ক্রাইটেরিয়ার ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে ২০টি রিস্ক ক্রাইটেরিয়া নির্ধারণ করে ঝুঁকির ব্যাপকতার বিবেচনায় সুনির্দিষ্ট ওয়েটএইজের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে।

এনবিআর বলছে, এ নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ না থাকায় অডিট নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করতে করদাতা ও সুশীল সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এ পদ্ধতিতে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর অডিট কার্যক্রম সম্পন্নের পর কার্যকর ফলাফল পাওয়া না গেলে রিস্ক ক্রাইটেরিয়াগুলো এবং এতে ব্যবহৃত ওয়েটএইজ পরবর্তিতে পরিবর্তন করা হবে।

এসআই

Wordbridge School
Link copied!