• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সোমবার


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:২১ এএম
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সোমবার

যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক মোকাবিলা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। যদিও এ সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এক দিন আগে, ৮ ফেব্রুয়ারি থেকে।

তবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকছেন না বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তারা পৃথকভাবে গণমাধ্যমকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।

বাণিজ্য উপদেষ্টা জানান, ওয়াশিংটনে অনুষ্ঠেয় এই বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার রইছ উদ্দিন খান।

৩ ফেব্রুয়ারি জারি করা সরকারি আদেশ অনুযায়ী, প্রতিনিধি দলটি শুক্রবার (৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং আগামী ১০ ফেব্রুয়ারি দেশে ফিরবে।

চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া সম্পর্কে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, বাণিজ্য উপদেষ্টা ইতোমধ্যে ঢাকায় বসেই চুক্তির কাগজপত্রে স্বাক্ষর সম্পন্ন করেছেন। সেই স্বাক্ষরিত কপিই প্রতিনিধি দলটি ওয়াশিংটনে নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিয়েসন গ্রিয়ার।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একই সময়ে জাপান সফরের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় বাণিজ্য উপদেষ্টা ও সচিব সরাসরি ওয়াশিংটনে যেতে পারছেন না।

এরই মধ্যে বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। টোকিওতে আগামীকাল বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (বিজেইপিএ) স্বাক্ষরের কথা রয়েছে। ৪ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নিতেই তাদের জাপান সফর।

এম

Wordbridge School
Link copied!