• ঢাকা
  • সোমবার, ১৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

র‌্যাব বিলুপ্তি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল ৯ আন্তর্জাতিক সংগঠন


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২৬, ০৫:৩১ পিএম
র‌্যাব বিলুপ্তি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল ৯ আন্তর্জাতিক সংগঠন

ফাইল ছবি

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কার্যক্রম বিলুপ্তি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। 

সোমবার (১৬ মার্চ) হিউমান রাইটস ওয়াচ, অ‍্যামিনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপেজি, সিভিকাসসহ ৯টি সংগঠন প্রধানমন্ত্রীর দপ্তরে এ চিঠি পাঠিয়েছে।

আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও এই চিঠি পাঠিয়েছে সংগঠনগুলো। 

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল বিএনপি সরকারের সামনে নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তবে, এই সময়টিকে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কারের সুযোগ হিসেবে দেখছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ নানা ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল। তার পতনের পর এসব ঘটনার অনেকটাই কমে এলেও অন্তর্বর্তী সরকারের সময়েও রাজনৈতিক প্রতিপক্ষকে ইচ্ছামতো আটক এবং সাংবাদিক, ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। 

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করারও আহ্বান জানানো হয়েছে। চিঠিতে মানবাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ ও আইনগত সংস্কারের জন্য কয়েকটি নির্দিষ্ট সুপারিশও দেওয়া হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!