• ঢাকা
  • সোমবার, ৩০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় বিল আসছে সংসদে


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০২৬, ০৮:১৬ পিএম
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় বিল আসছে সংসদে

ফাইল ছবি

জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে সংসদে বিল আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আন্দোলনের সময় পুলিশের পোশাক পরে হামলা চালানো সন্ত্রাসীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি দেওয়ার বিষয়ে সরকার জুলাই জাতীয় সনদে অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকারের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের সময় জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছিল, যা বর্তমানে ১৩৩টি অধ্যাদেশের সঙ্গে সংসদে উপস্থাপন করা হয়েছে।

তিনি জানান, এসব অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০ তারিখ এ বিষয়ে আলোচনা হবে এবং সর্বসম্মতিক্রমে জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশটি বিল আকারে উপস্থাপন করে পাস করার বিষয়ে ঐকমত্য হয়েছে।

গণঅভ্যুত্থানের সময়কার পরিস্থিতির প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হামলা চালিয়েছে, জনতার প্রতিরোধের মুখে তাদের কেউ কেউ প্রাণ হারিয়েছে। সেই প্রেক্ষাপটে জুলাই যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই অধ্যাদেশ জারি করা হয়েছে।

হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত ও চার্জশিট দেওয়ার কাজ চলছে। কিছু মামলার বিচার শুরু হয়েছে এবং তা সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় সময় লাগে উল্লেখ করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, তারা যে পরিচয়েই থাকুক না কেন, সবাই অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং যাদের বিরুদ্ধে মামলা হয়নি, সেগুলো দায়েরের আহ্বান জানানো হয়েছে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে বিচার করা হবে বলেও জানান তিনি।

এসএইচ 

Wordbridge School
Link copied!