• ঢাকা
  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাস ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২০, ২০২৬, ০৫:৪৯ এএম
বাস ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের জন্য রোববার (১৯ এপ্রিল) বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা। তবে কত টাকা ভাড়া বাড়ানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আজ সোমবার (২০ এপ্রিল) এ বিষয়ে প্রস্তাব দেয়া হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

রোববার রাত আটটার দিকে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়। রাত ১০টার দিকে এই বৈঠকটি শেষ হয়। 

বৈঠকে সিদ্ধান্ত না এলেও সাধারণত জ্বালানি তেলের মূল্য এক টাকা বৃদ্ধি বা কমলে ভাড়া এক পয়সা বাড়ানো বা কমানোর রীতি আছে। এ ক্ষেত্রে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে ২০২২ সালের পর বাস–মিনিবাসের ব্যয় বিশ্লেষণ করা হয়নি বলে জানিয়েছেন পরিবহনমালিকরা। এছাড়া ডলারের মূল্যবৃদ্ধির ফলে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন ওয়েলের খরচ বেড়েছে উল্লেখ করে সেটি আমলে নেয়ার দাবি করেন তারা। 

রোববারের সভায় সভাপতিত্ব করেছেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এছাড়া আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। 

এম

Link copied!