• ঢাকা
  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সংরক্ষিত নারী আসন

শরিকদের জন্য কয়টি আসন ছেড়ে দিল জামায়াত, চমক চূড়ান্ত তালিকায়


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২০, ২০২৬, ০৬:০২ এএম
শরিকদের জন্য কয়টি আসন ছেড়ে দিল জামায়াত, চমক চূড়ান্ত তালিকায়

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে বিরোধী জোটের ভেতরে চূড়ান্ত সমঝোতা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তাদের প্রাপ্ত ৭৭টি সাধারণ আসনের বিপরীতে মোট ১৩টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। এর মধ্যে এককভাবে ৬৮টি আসনের অনুপাতে জামায়াতের প্রাপ্য ১২টি হলেও দলটি ৯টি আসন রাখছে এবং বাকি ৩টি জোটের শরিকদের জন্য ছেড়ে দিচ্ছে।

জোটের এই তিনটি সংরক্ষিত আসন যাচ্ছে ন্যাশনাল কনগ্রেস পার্টি (এনসিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ খেলাফত মজলিস-এর ঝুলিতে। বিষয়টি নিশ্চিত করেছেন জোটের লিয়াজোঁ কমিটির সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম।

জামায়াতের প্রস্তাবিত ৯ জনের তালিকায় রয়েছেন মহিলা শাখার সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবসম্পদবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলু, চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজ। এছাড়া জুলাইয়ের শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগমের নামও তালিকায় রয়েছে।

জোটের শরিক দলগুলোর পক্ষ থেকে জাগপার সভাপতি তাসমিয়া প্রধান, এনসিপির ডা. মাহমুদা মিতু এবং খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা করিমকে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের আমির আল্লামা মামুনুল হক।
এদিকে, আলাদাভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রাপ্ত ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। এই আসনের জন্য দলের যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনের নাম চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় অভ্যন্তরে যাচাই-বাছাইয়ের মাধ্যমে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং কোনো কোটা পদ্ধতি অনুসরণ করা হয়নি। এমনকি দলের আমির ডা. শফিকুর রহমান-এর স্ত্রী পূর্বে সংসদ সদস্য থাকলেও এবার তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

যোগ্যতার ভিত্তিতে মীর কাসেম আলির মেয়ে সুমাইয়ার নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়া হয়েছে, কারণ তার ভাই ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমান বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

জামায়াত ও জোটের নেতারা জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের পূর্ণাঙ্গ চূড়ান্ত তালিকা ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি বাইরের তিনজনকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

এম

Link copied!