জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কোনো কেন্দ্রে দখল বা ভোট কারচুপির চেষ্টা হলে দল চুপ করে থাকবে না। প্রয়োজন হলে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে এবং যেকোনো পরিস্থিতিতে মাঠে থাকার ঘোষণা দেন তিনি।
বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনের প্রাক্কালে সারাদেশে ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যাদের নিরপেক্ষ ভূমিকা পালনের কথা, তাদের আচরণেও পক্ষপাত দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি। বিভিন্ন এলাকায় এনসিপির প্রার্থীদের পোলিং এজেন্টদের বাধার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ তোলেন।
ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, টাকা উদ্ধারের নামে বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি অল্প অঙ্কের টাকা উদ্ধারের ঘটনাকেও নাটকীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে। এতে ১১ দলীয় জোট ও তাদের প্রার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন। ভোটারদের সঙ্গে যারা অর্থ লেনদেনে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
যৌথবাহিনী ও সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে এনসিপির এই নেতা বলেন, বিভিন্ন স্থানে মজুত অস্ত্র উদ্ধার করে তারা ভোটারদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনছে। নির্বাচন নিরাপদ করতে দ্রুত সব অস্ত্র উদ্ধারের আহ্বান জানান তিনি।
গণমাধ্যমের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, দেশের কিছু গণমাধ্যম আবারও পক্ষপাতদুষ্ট অবস্থানে ফিরে যাচ্ছে এবং নির্দিষ্ট দলকে ভুল তথ্য ও ফ্রেমিংয়ে সহায়তা করছে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের ভূমিকার বিষয়গুলো নথিভুক্ত করা হচ্ছে এবং নির্বাচনের পর এসবের দায় নির্ধারণ করা হবে।
সংবাদ সম্মেলনের শেষে তিনি জানান, যেকোনো পরিস্থিতিতে পরবর্তী সিদ্ধান্ত ১১ দলীয় জোটের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এম







































