ফাইল ছবি
ঢাকা: মার্চের ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে দল গঠনের গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছে গেছে ব্রাজিল। তবে প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়রের।
সোমবার (১৬ মার্চ) রাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেন আনচেলত্তি। এই দল নিয়ে আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
ব্রাজিল দলে নেইমার না থাকলেও নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন এন্ড্রিক। এছাড়া প্রথমবার সুযোগ পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো ও রায়ান। দলে ফিরেছেন ইবানেজ, দানিলোর।
সম্প্রতি ব্রাজিলের হয়ে এবার বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে রিয়াল তারকা রদ্রিগো গোয়েসের। ফলে জাতীয় দলের স্কোয়াডের বাইরে আছেন তিনি। অন্যদিকে চোটের কারণে এডার মিলিটাও, ব্রুনো গুইমারেস, এস্তেভাওকে ডাকা হয়নি। আনচেলত্তি জানিয়েছেন, পুরো দল গঠন করা হয়েছে খেলোয়াড়দের ফিটনেস বিবেচনায়।
নেইমারকে বাদ দেওয়ার বিষয়ে সরাসরি কিছু না বললেও ধারণা করা হচ্ছে সাম্প্রতিক চোটই তার না থাকার প্রধান কারণ। সান্তোসের হয়ে শেষ ম্যাচেও খেলতে পারেননি তিনি, যা কোচের পরিকল্পনায় প্রভাব ফেলেছে।
নতুন খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্তির বিষয়ে আনচেলত্তি বলেন, জাতীয় দলের পরিবেশে তারা কেমন মানিয়ে নিতে পারে সেটাই এখন দেখার বিষয়। তার মতে, দলে থাকা কিংবা বাইরে থাকা সব খেলোয়াড়কেই নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
পিএস







































