• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত: মাহদী আমিন


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৩০ পিএম
বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত: মাহদী আমিন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিএনপি জানিয়েছে, নির্বাচনের আগে চিহ্নিত কিছু রাজনৈতিক দল ভোটারদের মধ্যে ভীতি ছড়ানোর চেষ্টা করেছে। এছাড়া জালিয়াতি, কালোটাকার মহোৎসব এবং আগে থেকেই সিল মারা ব্যালট বিতরণের ঘটনাও ঘটেছে। তবু বিএনপির নেতারা মনে করেন, দলটির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলার পর রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, চিহ্নিত রাজনৈতিক দল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মধ্যে ভয় তৈরির চেষ্টা করেছে। তবে বিএনপির বিজয় অনিবার্য। ভোটের ফলাফল স্তিমিত করার কোনো প্রচেষ্টা সফল হবে না।

মাহদী আমিন নির্বাচনে দায়িত্ব পালনে সরকারের, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। বিভিন্ন স্থানে আহত বা প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান। তিনি দলের নেতা কর্মী ও সমর্থকদের সতর্ক করে বলেন, ভোটের ফলাফল নিশ্চিত হওয়ার আগে কেউ যেন কেন্দ্র ত্যাগ না করে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বিভিন্ন স্থানে সহিংসতা, কারচুপি এবং কালোটাকার মহোৎসব হয়েছে। অনেক জায়গায় ভুয়া পর্যবেক্ষক তৈরি করা হয়েছে এবং কিছু ভোটার ভোট দিতে পারেননি। কিছু কেন্দ্রে মৃত ব্যক্তির ভোট নেওয়ার অভিযোগও এসেছে। বিএনপি মনে করে, এসব ঘটনা প্রমাণ করে, একজনের ভোট অন্যজনের মাধ্যমে প্রদানের অপসংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

মাহদী আমিন বলেন, ধানের শীষ প্রতীকে জোয়ারে বিএনপির জয় নিশ্চিত হবে এবং গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে। সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর এবং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!