ছবি : প্রতিনিধি
বরগুনা: বরগুনার পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযানে দুটি জবাই করা হরিণ ও ৯০০ ফুট হরিণ শিকারের ফাঁদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়।
অভিযানে দুটি জবাই করা হরিণ ও ৯০০ ফুট হরিণ শিকারের ফাঁদসহ মো. হানিফ নামে এক শিকারীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এর ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ এ আদেশ দেন।
আটককৃত মো. হানিফ (৪৫) পাথরঘাটা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বনবিভাগের পাথরঘাটা সদর বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে হরিণ দুটির চামড়া ও শিং সংরক্ষণ করা হয়েছে। তবে মাংসে কেরাসিন মিশিয় মাটি চাপা দেওয়া হয়েছে।
পিএস







































