• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি মার্চ ৩, ২০২৬, ০২:৪২ পিএম
ইসলামি  বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

ছবি: প্রতিনিধি

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলাম প্রচারক ও বক্তা আলহাজ মাওলানা মীর মো. হাবিবুর রহমান (৭৯) যুক্তিবাদী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, তাঁর প্রতিষ্ঠিত রূপগঞ্জের বানিয়াদী হাবিবিয়া হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মীর হাবিবুর রহমান ১৯৪৭ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর হারিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছারছীনা দরবার শরিফের পির আল্লামা নেছার উদ্দীন খলিফা মাওলানা মীর। নিজ গ্রামেই তাঁর প্রাথমিক লেখাপড়া শুরু হয়। পরে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাসের পর সরকারি মাদ্রাসা-ই-আলিয়া থেকে প্রথম বিভাগে কামিল সম্পন্ন করেন।

মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ছিলেন দেশের আলোচিত ধর্মীয় বক্তাদের একজন। গ্রাম থেকে শহর-অলি-গলিতেও তাঁর সুললিত কণ্ঠের বয়ান শোনা যেত। কোরআন, হাদিস, নবী-রাসুল, সাহাবি ও আওলিয়াদের জীবনীর ওপর তাঁর বয়ান ছিল ব্যাপক জনপ্রিয়। দেশে-বিদেশে অসংখ্য মাহফিলে তিনি বক্তব্য দিয়েছেন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

তাঁর রচিত বইয়ের মধ্যে ‘ইসলামে নারীর মর্যাদা’, ‘ধর্ম ও ইবাদত’, ‘মুক্তির সহজ পথ’, ‘রাসুলে খোদা (স.)’, ‘মক্কাতে রাসুল (স.)’, ‘মদিনাতে রাসুল (স.)’ ও ‘শানে রাসুল (স.)’ উল্লেখযোগ্য।

তাঁর মৃত্যুতে ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 

এসএইচ 

Wordbridge School
Link copied!