ফাইল ছবি
ঢাকা: আগামী ঈদুল ফিতরের ছুটি আরও বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সরকার চলতি বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। ঈদের ছুটির ঠিক পরের দুই দিন হচ্ছে মঙ্গলবার ও বুধবার যথাক্রমে ২৪ ও ২৫ মার্চ। এর ঠিক পরের দিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সরকারি ছুটি। আর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। ছুটি বাড়ানো হলে ২৪ ও ২৫ মার্চও ছুটি দেওয়া হতে পারে। এর সঙ্গে ২৬ মার্চ এবং ২৭-২৮ মার্চের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা একটানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ইতোমধ্যে জানিয়েছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে আসবে।
পিএস







































