• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতে যাওয়ার চেষ্টায় তিন শিশু আটক


নীলফামারী প্রতিনিধি মার্চ ৩, ২০২৬, ০২:২৮ পিএম
ভারতে যাওয়ার চেষ্টায় তিন শিশু আটক

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। পরে রাত ১১টার দিকে আটক শিশুদের ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক তিন শিশু হলো—নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকার ইসরাফিলের ছেলে ইরফান (১২), ঢাকার কোনাবাড়ি এলাকার আক্তারের ছেলে সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাঁশতলা এলাকার আবুল কালামের ছেলে সাব্বির (১০)।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া বিওপির সীমান্তের ৭৮২/৪ এস পিলারসংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমবার রাতে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা ভারত অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের আটক করে নিজ হেফাজতে নেয়।

আটক শিশুদের ভাষ্য, তারা বাড়ি থেকে বের হয়ে ভারতে কাজের উদ্দেশ্যে সেখানে গিয়েছিল।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, আটক তিন শিশু তিন জেলার বাসিন্দা এবং তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!