ফাইল ছবি
চলতি নভেম্বরের শেষ দিকে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার জুলাই যোদ্ধার বিদেশযাত্রার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
অধিবেশনে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচের প্রসঙ্গ তুলে এর সমাধান জানতে চান। সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা খরচে কর্মীরা যেতে পারবেন কি না এবং তা তদারকির জন্য আলাদা কোনো সংসদীয় কমিটি গঠন করা যায় কি না, সে বিষয়েও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, আগামীকালই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে এবং আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি স্পষ্ট করেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সর্বমোট খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এই প্রক্রিয়ার বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়ম করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিন সংসদে প্রবাসীদের সুরক্ষা ও দুর্ভোগ নিয়েও আলোচনা হয়। এক সংসদ সদস্য উল্লেখ করেন, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে ৪ লাখ ৩৪ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠালেও বিদেশে তাঁরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা, চাকরি ও ইকামা না পাওয়া এবং চুক্তি অনুযায়ী বেতন না দেওয়ার মতো বিভিন্ন অভিযোগের তদন্ত শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন অনুযায়ী সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার।
এসএইচ







































