• ঢাকা
  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যে ২ শর্তে হাসিনাকে পাঠাতে চায় ভারত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৩৩ পিএম
যে ২ শর্তে হাসিনাকে পাঠাতে চায় ভারত

ফাইল ছবি

বাংলাদেশের সামরিক বিমানে করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার, তবে এ ক্ষেত্রে নয়াদিল্লি দুটি প্রধান শর্ত সামনে এনেছে। ভারতীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা কয়েক মাস আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন এবং এখনো তিনি সেই অবস্থানে অনড়। দিল্লির অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে এমন ঘোষণা দেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিবিসি বাংলার তথ্যমতে, দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারতের জন্য ক্রমশ বিব্রতকর হয়ে উঠেছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাঁকে আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ভারতকে। তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর ভারত এখন মনে করছে, শেখ হাসিনার দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াই সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প। তবে দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে তাঁকে বন্দী বিনিময় চুক্তির আওতায় সাধারণ বন্দীর মতো বাংলাদেশের হাতে তুলে দিতে নারাজ নয়াদিল্লি।

ভারতীয় কর্মকর্তাদের আভাস অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারতের প্রধান শর্ত দুটি। প্রথমত, তাঁকে ফিরিয়ে নেওয়া এবং দেশে ফেরার পর তাঁর সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং ২০২৪ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, জেনেবুঝে তাঁকে ফাঁসিতে ঝোলানোর জন্য ভারত এগিয়ে দিতে পারে না।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারত ও বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং দিল্লি চায় শেখ হাসিনার সুরক্ষার ভার বাংলাদেশ সেনাবাহিনীই গ্রহণ করুক।

তবে ভারতীয় কর্মকর্তারা মনে করছেন, ঢাকা মুখে ফেরত চাওয়ার কথা বললেও বাস্তবে তারা তাঁর ফেরা নিয়ে আগ্রহী নয়। ভারতীয় পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি খুব নাটকীয় মোড় না নিলে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বেশ ক্ষীণ।

এসএইচ 

Link copied!