ফাইল ছবি
ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি আবেদনকারীদের ভোগান্তি কমাতে ডিজিটাল পদ্ধতি চালু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আসন্ন পবিত্র রমজানের আগেই নতুন ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, আগে ডিলার নিয়োগের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হলেও এখন থেকে আগ্রহীরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের সর্বশেষ অগ্রগতিও অনলাইনে জানতে পারবেন।
নতুন এই ডিজিটাল ব্যবস্থায় অনলাইনে জমা পড়া আবেদনগুলো সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে তদন্ত ও আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই শেষে সেই প্রতিবেদন চূড়ান্ত মূল্যায়নের জন্য পাঠানো হয়। ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিসহ তিন সদস্যের একটি মূল্যায়ন কমিটি কাজ করছে।
টিসিবির চেয়ারম্যান বলেন, বিভিন্ন এলাকায় নতুন ডিলার নিয়োগের কার্যক্রম ও মাঠপর্যায়ে তথ্য যাচাই চলছে। জেলা প্রশাসন থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার ওপর নিয়োগ প্রক্রিয়ার গতি অনেকাংশে নির্ভর করছে।
সব জেলার প্রতিবেদন এখনো না আসায় প্রক্রিয়াটি শেষ করতে কিছুটা সময় লাগছে। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অন্তত ৫০ শতাংশ এবং বাকি ডিলার নিয়োগ আসন্ন রমজানের আগেই শেষ করার লক্ষ্য রয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালে যেসব ডিলারের লাইসেন্স নবায়নের কথা ছিল, তাদের নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানোর পর নতুন ডিলার নিয়োগের এই উদ্যোগ নেওয়া হয়। বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং তদারকি জোরদার করাই এর মূল উদ্দেশ্য।
টিসিবি মনে করছে, অনলাইন আবেদন ও জেলা পর্যায়ের যাচাই-বাছাইয়ের এই সমন্বিত পদ্ধতিতে ডিলার নিয়োগ আরও স্বচ্ছ হবে এবং রমজানের আগে পণ্য বিতরণ কার্যক্রমের প্রস্তুতি জোরদার করা সম্ভব হবে।
এসএইচ







































