চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ সময়ে মোট ব্যয় হয়েছে ২০ হাজার ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা। তবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এডিপির বরাদ্দ থেকে কোনো অর্থই ব্যয় করতে পারেনি। বিপরীতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ।
রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে এডিপির মোট আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা। এই অর্থ ব্যয়ের লক্ষ্যে ১ হাজার ১৭২টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৯৮৬টি বিনিয়োগ প্রকল্প, ২৩টি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প, ১০৯টি কারিগরি সহায়তা প্রকল্প এবং নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য ৫৩টি প্রকল্প।
প্রতিবেদনে দেখা যায়, অর্থবছরের প্রথম চার মাসে এডিপির বিপরীতে ব্যয় হয়েছে মোট বরাদ্দের মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ। বিগত কয়েক অর্থবছরের একই সময়ের তুলনায় এ হার উল্লেখযোগ্যভাবে কম। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে তা ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অন্যদিকে, ২০২৩-২৪ ও ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ১১ দশমিক ৬৪ ও ১২ দশমিক ৬৪ শতাংশ।
ব্যয়ের দিক থেকে প্রথম চার মাসে শীর্ষে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। চলতি অর্থবছরে বিভাগের ২০১টি প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩৩ হাজার ৩৭৪ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে জুলাই-অক্টোবর সময়ে ব্যয় হয়েছে ৬ হাজার ৯২০ কোটি ৪৩ লাখ টাকা। ফলে এ সময়ে বিভাগের বরাদ্দের ২০ দশমিক ৭৪ শতাংশ বাস্তবায়িত হয়েছে।
তবে বড় অঙ্কের বরাদ্দ থাকা বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের অগ্রগতি সন্তোষজনক নয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য চলতি অর্থবছরে বরাদ্দ রয়েছে ২৯ হাজার ৮৪১ কোটি ৭ লাখ টাকা। এর বিপরীতে প্রথম চার মাসে ব্যয় হয়েছে ১ হাজার ৮৯৮ কোটি ১৮ লাখ টাকা, যা মোট বরাদ্দের ৬ দশমিক ৩৬ শতাংশ।
একই সময়ে বিদ্যুৎ বিভাগের ১৮ হাজার ১০৬ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৪৯ কোটি ৫৮ লাখ টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১৭ হাজার ৭৪ কোটি টাকা বরাদ্দ থেকে খরচ হয়েছে ১ হাজার ৭৯১ কোটি ৩৯ লাখ টাকা।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ৫২০ কোটি ৯৩ লাখ টাকা। অথচ প্রথম চার মাসে এ মন্ত্রণালয় ব্যয় করতে পেরেছে মাত্র ৫১৬ কোটি ৬৫ লাখ টাকা। অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৭ হাজার ৪৮১ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ৮৯৩ কোটি ৫৮ লাখ টাকা।
স্বাস্থ্য খাতের দুটি বিভাগেও এডিপি বাস্তবায়নের হার বেশ কম। স্বাস্থ্য সেবা বিভাগের জন্য বরাদ্দ করা ৬ হাজার ১৪ কোটি ৪৭ লাখ টাকার মধ্যে ব্যয় হয়েছে মাত্র ২৩৭ কোটি ২ লাখ টাকা। আর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৫ হাজার ৪৯৯ কোটি ১২ লাখ টাকা বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে ১৫৮ কোটি ২৮ লাখ টাকা।
এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ থাকা ৫ হাজার ৩৪৩ কোটি ৪২ লাখ টাকার মধ্যে জুলাই-অক্টোবর সময়ে ব্যয় হয়েছে মাত্র ১৬৭ কোটি ৬৫ লাখ টাকা।
এম







































