ফাইল ছবি
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক তাণ্ডব ও সশস্ত্র মহড়ার প্রেক্ষাপটে জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে হবিগঞ্জের বর্তমান ডিসি জিএম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, রোববার দুপুরে হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল ও ব্যাপক তাণ্ডব চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। হেলমেট পরে স্লোগান দিয়ে তাঁদের এই সশস্ত্র মহড়ার ঘটনার পরপরই জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে এই রদবদল আনা হলো।
এসএইচ







































