ফাইল ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও সর্বক্ষণিক বিভিন্ন মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনার দেশে ফেরা এবং তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নবায়নের আবেদন নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে সমন্বয়হীনতা ও অসঙ্গতির তীব্র সমালোচনা করেন।
সংসদে বক্তব্য দেওয়ার সময় বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’-এর উদাহরণ টেনে রুমিন ফারহানা বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে না থেকেও বিভিন্ন মাধ্যমে নিজের সরব উপস্থিতি জানান দিচ্ছেন এবং গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাই এর সর্বশেষ প্রমাণ।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার পাসপোর্ট ও এনআইডি নবায়নের আবেদন প্রসঙ্গে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ভিন্নমুখী বক্তব্যের তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি জানান, সাম্প্রতিক দিনগুলোতে সরকারের নীতিনির্ধারকরা যা বলছেন, তার একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই।
তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ৩ নভেম্বর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান মন্তব্য করেছিলেন যে হাসিনা নিজে ফিরুন বা তাকে ফিরিয়ে আনা হোক, সরকার তার আসা ঠেকাতে চায় না এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও তিনি এখনো বাংলাদেশের নাগরিক।
এর বিপরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না এবং তাকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরানোর কথা বলে তিনি পাসপোর্ট বা ট্রাভেল পাসের আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ নভেম্বর জানান, তিনি আবেদনের সত্যতা এখনো যাচাই করতে পারেননি এবং আইনগত ভিত্তি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে চিঠি পাঠানোর কথাও জানান তিনি।
আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান গত ৮ ও ১৪ নভেম্বর জানিয়েছেন, সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে, এখন বাকি সিদ্ধান্ত ভারতের ওপর নির্ভর করছে। এছাড়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের কোনো সুযোগ পাবেন না বলেও আইনমন্ত্রী উল্লেখ করেন।
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এই পরস্পরবিরোধী অবস্থানের সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, এক উপদেষ্টা যখন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিচ্ছেন, তখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তা সরাসরি নাকচ করছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী যখন আবেদন যাচাই না করার কথা বলছেন, ঠিক একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেই আবেদনকে হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছেন। সরকারের এমন সমন্বয়হীনতা জনমনে বিভ্রান্তি তৈরি করছে বলে তিনি মন্তব্য করেন।
এসএইচ







































