• ঢাকা
  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘টাকা দিলি না কেন’ বলেই ইন্টারনেট অফিসের ২ কর্মচারীকে গুলি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৪৪ পিএম
‘টাকা দিলি না কেন’ বলেই ইন্টারনেট অফিসের ২ কর্মচারীকে গুলি

ফাইল ছবি

রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। 

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রামপুরার ওয়াপদা রোডের তাকওয়া মসজিদের পাশে অবস্থিত ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত দুজনই বর্তমানে আশঙ্কামুক্ত।

প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যায় ওই দুই কর্মচারীসহ কয়েকজন অফিসে বসে কাজ করছিলেন। এ সময় হঠাৎ চারজন দুর্বৃত্ত এসে অফিসের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। মাত্র এক-দুই মিনিটের মধ্যেই হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ হাবিবুর ও সাজুকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মাজহারুল ইসলাম আরও জানান, দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ মুঠোফোনে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। দাবিকৃত সেই চাঁদার টাকা না দেওয়ায় এই হামলার ঘটনা ঘটতে পারে বলে তাঁদের ধারণা।

হামলার বর্ণনা দিয়ে আহত সাজু আহমেদ বলেন, দুর্বৃত্তদের মধ্যে তিনজন অফিসের ভেতরে ঢোকে এবং একজন বাইরে পাহারায় ছিল। ভেতরে ঢুকেই তারা ব্যবসা বন্ধ না করার কারণ জানতে চেয়ে গালিগালাজ শুরু করে এবং মুহূর্তের মধ্যে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, আহতদের মধ্যে একজনের ডান পায়ে এবং হাবিবুরের বাঁ হাতে গুলি লেগেছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসএইচ 

Link copied!