• ঢাকা
  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাতৃভূমি নিরাপদ করাই সর্বোত্তম কাজ: এমপি শিমুল


পাবনা প্রতিনিধি মার্চ ২৮, ২০২৬, ০৭:০৬ পিএম
মাতৃভূমি নিরাপদ করাই সর্বোত্তম কাজ: এমপি শিমুল

ছবি: প্রতিনিধি

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, নিজের মাতৃভূমিকে যদি আমরা নিরাপদ করতে পারি, এর চেয়ে উত্তম কাজ আর হতে পারে না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই—সে লক্ষ্যেই কাজ করতে হবে। তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

শনিবার (২৮ মার্চ) বিকেলে পাবনা শহরের শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দিরে বাসন্তী পূজার বিজয় দশমীর শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন মন্দির সংস্কারে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু ভালো কথা বললেই হবে না, ভালো কাজও করতে হবে এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে। মন্দ কাজের কোনো চর্চা লাগে না, এটি সংক্রামক। ভালো কাজকে দৃশ্যমান করে লালন করতে হবে এবং মন্দ কাজ পরিহার করতে হবে। সবাই যেন মিলেমিশে বসবাস করতে পারে, সে পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, উন্নয়নের ছোঁয়া ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার কাছে পৌঁছে দিতে তিনি কাজ করে যাচ্ছেন। দেশ-বিদেশ থেকে সহযোগিতা এনে তা সুষ্ঠুভাবে বণ্টনের চেষ্টা করছেন। দেশের দুঃখ, দারিদ্র্য, জরা, ব্যাধি, অভাব, অনটন ও অনাচার দূর করে একটি উন্নত ও নিরাপদ ব্যবস্থা গড়ে তুলতে সামান্য ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পাবনা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট মলয় কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শিবজিত নাগ, আখতারুজ্জামান আখতার, আবুল হোসেন খান রেয়ন, হিমেল রানা, মাসুদ রানা, আঁখিনুর ইসলাম রেমন, দীপঙ্কর সরকার জিতু, সাগর মজুমদার, জ্যোতির্ময় মজুমদার গৌরাঙ্গ, অচিন্ত ঘোষ, রবিউল ইসলাম রবি ও গোলাম রব্বানী কামনাসহ অনেকে।

অনুষ্ঠানে পাবনা পৌর সদরের ১৫টি মন্দির সংস্কারের জন্য সরকারি অনুদানের ২৬ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোমনাথ বাগচী।

এসএইচ 

Wordbridge School
Link copied!