• ঢাকা
  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কাগজপত্র ছাড়া মোটরসাইকেলে তেল দিচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মার্চ ২৮, ২০২৬, ০৭:১০ পিএম
কাগজপত্র ছাড়া মোটরসাইকেলে তেল দিচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে যানবাহনের বৈধতা নিশ্চিত করতে কঠোর অবস্থানে নেমেছে জেলা প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না।

শনিবার (২৮ মার্চ) জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় অবস্থিত মেসার্স সুমন ফিলিং স্টেশনে এ সংক্রান্ত একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।

অভিযান চলাকালে দেখা যায়, তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট কঠোরভাবে যাচাই করা হচ্ছে। যাদের কাগজপত্র সঠিক নেই, তাদের জ্বালানি না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ সদস্যদের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হয়।

এ উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আবুল কালাম নামে এক মোটরসাইকেল চালক বলেন, সরকারের এ উদ্যোগ সড়কে শৃঙ্খলা আনতে সহায়ক হবে, তবে যাদের কাগজপত্র নেই, তাদের জন্য সীমিত পরিমাণে তেল দেওয়ার সুযোগ রাখা যেতে পারে।

অন্যদিকে পলাশ নামে আরেক চালক জানান, গাড়ি চালানোর ক্ষেত্রে বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকা অত্যন্ত জরুরি। এতে যেমন সড়ক নিরাপত্তা বাড়বে, তেমনি জ্বালানি বিপণনেও শৃঙ্খলা ফিরে আসবে। তিনি এ উদ্যোগকে স্বাগত জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় জেলার সব পেট্রোল পাম্পে এ নিয়ম কার্যকর করা হয়েছে। তিনি বলেন, যানবাহনের বৈধতা নিশ্চিত ও সড়ক নিরাপত্তা জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সকল পাম্প মালিককে নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের এ উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে কতটা কার্যকর হয়, তা সময়ই বলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএইচ 

Wordbridge School
Link copied!