ফাইল ছবি
ঢাকা: দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার হাসপাতালস লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ৭৮৯ কোটি টাকা। এ সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা আগের অর্থবছরের তুলনায় ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮১ কোটি ৪৩ লাখ টাকায়। তবে আয় ও মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি সত্ত্বেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রকাশিত ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্কয়ার হাসপাতালস প্রতিষ্ঠানটির একটি সহযোগী কোম্পানি।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অর্জিত মুনাফা লভ্যাংশ হিসেবে বিতরণ না করে ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়নে পুনর্বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। এর মাধ্যমে চিকিৎসাসেবার পরিধি বাড়ানো, অবকাঠামোগত সুযোগ-সুবিধা আধুনিকায়ন এবং পুরোনো চিকিৎসা সরঞ্জামের পরিবর্তে অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপনে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
দেশের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান স্কয়ার হাসপাতালের শয্যাসংখ্যা ৪০০। হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন সর্বোচ্চ আড়াই হাজার রোগীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। পাশাপাশি আন্তবিভাগে একসঙ্গে ৭০০ রোগীর ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা রয়েছে।
স্কয়ার হাসপাতালের ৪৯ দশমিক ৯৪ শতাংশ শেয়ারের মালিক স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিটি ১ হাজার টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ৫৫ টাকা ৭ পয়সা প্রিমিয়াম দিয়ে ১ লাখ ৯৯ হাজার শেয়ার অধিগ্রহণের মাধ্যমে হাসপাতালটিতে মোট ২১ কোটি টাকা বিনিয়োগ করেছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।
এএইচ/পিএস







































