ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করকে নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সমাজকর্মী ও রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটানোর পাশাপাশি কন্যাসন্তানের জননী হিসেবে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। তবে থিতু হওয়ার আগে তার জীবনের পথটি এতটা সহজ ছিল না। সম্প্রতি এক রিয়েলিটি শোতে নিজের জীবনের এমন এক গোপন অধ্যায় উন্মোচন করেছেন তিনি, যা এত দিন ভক্তদের অজানা ছিল।
অনুষ্ঠানে স্বরা জানান, একসময় তিনি ধরেই নিয়েছিলেন যে তার আর বিয়ে হবে না। জীবনের সেই অনিশ্চিত সময়ে বিয়ে ছাড়াই একক মা বা সিঙ্গেল মাদার হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি পরিবারের অমত কাটিয়ে নিজের বাবা-মাকেও বিষয়টি বুঝিয়ে রাজি করিয়েছিলেন তিনি।
পরিকল্পনা কেবল কথার কথায় সীমাবদ্ধ রাখেননি স্বরা, একজন শুক্রাণু দাতার সহায়তায় আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মধ্য দিয়েও গিয়েছিলেন। তবে দুর্ভাগ্যবশত প্রথম দুইবারের প্রচেষ্টাতেই তিনি ব্যর্থ হন এবং গর্ভধারণ করতে পারেননি।
আইভিএফের সেই কঠিন যাত্রার পরেই ২০২০ সালের জানুয়ারি মাসে তার জীবনে প্রবেশ করেন ফাহাদ আহমেদ। নাগরিক আন্দোলন ও রাজনীতির মাঠে পরিচয়ের সূত্রে ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সেই পরিচয় গড়ায় গভীর প্রেমে। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে আইনি মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। পরবর্তীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সামাজিক বিয়েও সম্পন্ন করেন তারা।
বিয়ে সম্পন্ন হওয়ার কয়েক মাসের মধ্যেই স্বরা ও ফাহাদের ঘর আলো করে আসে তাদের প্রথম কন্যাসন্তান। ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের মেয়ে। বর্তমানে স্বামী এবং সন্তানকে নিয়ে পুরোদমে সংসার জীবন উপভোগ করার পাশাপাশি অভিনয় ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন স্বরা।
তবে বিয়ের আগে একক মা হওয়ার কঠিন লড়াই এবং দুইবার আইভিএফ করানোর এই অজানা গল্প প্রকাশ্যে আসার পর থেকেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এই অভিনেত্রী।
এসএইচ







































