• ঢাকা
  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, পাবেন ভাতাও


সোনালী ডেস্ক নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৩৮ পিএম
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, পাবেন ভাতাও

ফাইল ছবি

দেশের সব জেলার তরুণ-তরুণীদের আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে সম্পূর্ণ বিনা মূল্যে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক মৌলিক প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ এই প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী কোর্সে অংশ নিতে আগ্রহীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোর্সের মেয়াদ ও সময়কাল
আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত দুই মাস মেয়াদি এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে। দৈনিক ৬ ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার এই প্রশিক্ষণ পরিচালনা করা হবে।

আবেদনের যোগ্যতা
দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দা ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে এবং কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

সুযোগ-সুবিধা
এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ধরনের ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং খাবারের সুবিধা পাবেন। কোর্স শেষে সফলভাবে উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে।

আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের www.dydaiproject.com/apply মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর আবেদনের কপিটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এসএইচ 

Link copied!