• ঢাকা
  • সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


বরিশাল প্রতিনিধি   ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:২২ পিএম
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : প্রতিনিধি

বরিশাল: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, প্রশাসনের একপাক্ষিক আচরণের যে অভিযোগ প্রার্থীরা করেছেন, তা রাজনৈতিক। মূলত ভোটার টানতেই তারা এমন বক্তব্য দিচ্ছেন।

সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথাগুলো বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ১ লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‌্যাব, প্রায় ৫ হাজার কোস্টগার্ড এবং প্রায় ৬ লাখ আনসার সদস্যদের মোতায়েন করা হচ্ছে।

এছাড়াও উপকূলীয় এলাকায় কোস্টগার্ড এবং নেভির সংখ্যা আগের থেকে বৃদ্ধি করা হয়েছে। এবার নির্বাচনে বিএনসিসিও নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এবার বডি ক্যামেরা রাখা হয়েছে। 

এর পূর্বে সুরক্ষা এ্যাপের সহায়তায় পূজা শান্তিপূর্ণ হয়েছে, এবারের নির্বাচনও শান্তিপূর্ণ হবে বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে।

বরিশালের বিভাগীয় প্রশাসনের আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি উর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পিএস 
 

Wordbridge School
Link copied!