• ঢাকা
  • সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১৩৬ বছরের অন্নদা গোবিন্দ লাইব্রেরি: ৬ শত বছরের খণ্ডিত ইতিহাসে ভরা


পাবনা প্রতিনিধি ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:১৯ পিএম
১৩৬ বছরের অন্নদা গোবিন্দ লাইব্রেরি: ৬ শত বছরের খণ্ডিত ইতিহাসে ভরা

ছবি: প্রতিনিধি

পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি দেশের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ গ্রন্থাগার। লাইব্রেরিটিতে রয়েছে ৬ শতাধিক বছরের পুরোনো হাতে লেখা বাংলা ও সংস্কৃত পাণ্ডুলিপি, শত বছরের পুরোনো হাজারো বই, থরে থরে সাজানো পত্রিকা, সাময়িকী ও বিভিন্ন ভাষার বই। বাংলার পাশাপাশি ইংরেজি, ফরাসি, হিন্দি, উর্দু, আরবি, বুলগেরিয়ান, নরওয়েজিয়ান, ইতালি, রাশিয়ান, তুর্কি, চায়না ও পালি সাহিত্যের বইয়ের সমাহার রয়েছে।

লাইব্রেরির বয়স ১৩৬ বছর হলেও এটি জ্ঞানপিপাসুদের কাছে আজও সমৃদ্ধি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত। বর্তমানে লাইব্রেরির সংগ্রহে প্রায় ৩৮ হাজার বই রয়েছে। এর মধ্যে ১৭৫৮ সালে প্রকাশিত ‘দ্য সেইন্টস এভারলাস্টিং রেস্ট’ বইটি সবচেয়ে প্রাচীন।

প্রতিবারের মতো এবারও ভাষার মাসে লাইব্রেরিটি আয়োজন করেছে সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী। রোববার বিকালে জেলা প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মো. কামরুজ্জামান ফিতা কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এবং অবৈতনিক মহাসচিব আব্দুল মতীন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হান্নান, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. মুহম্মদ হাবিবুল্লাহ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা বেগম রোখসানা ডেইজি, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জরি খান সৌমি প্রমুখ।

প্রফেসর মো. কামরুজ্জামান বলেন, “এ ধরনের লাইব্রেরি বাংলাদেশের অন্য কোথাও নেই। জ্ঞানপিপাসুদের জন্য এটি দর্শনীয় এবং শিক্ষনীয় একটি গ্রন্থাগার। সবার উচিত এটি পরিদর্শন করা।”

অবৈতনিক মহাসচিব আব্দুল মতীন খান জানান, “এই লাইব্রেরি উপমহাদেশের মধ্যে একটি বড় সংগ্রহশালা। এখানে সংবাদপত্র, লিটল ম্যাগাজিন, সাময়িকী, শত শত বছরের পুরোনো বই এবং ৬ শত বছরের পুরোনো তালপাতার পাণ্ডুলিপি রয়েছে। প্রতি বছরের মতো এবারও এসব বই প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হয়েছে। প্রদর্শনী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।”

উল্লেখ্য, ১৮৯০ সালে পাবনার তাঁতিবন্দের জমিদার বংশের প্রতিষ্ঠাতা উপেন্দ্র নারায়ণ চৌধুরীর বংশধর অন্নদা গোবিন্দ চৌধুরী শহরের আব্দুল হামিদ রোডে ১৩ শতাংশ জমির ওপর এই লাইব্রেরি প্রতিষ্ঠা করেন।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!