• ঢাকা
  • সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাথরঘাটায় জলাভূমি রক্ষায় মানববন্ধন


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:১৫ পিএম
পাথরঘাটায় জলাভূমি রক্ষায় মানববন্ধন

ছবি: প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় জলাভূমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ‘জলাভূমি ও ঐতিহ্যবাহী জ্ঞান: সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের জীনতলা গ্রামের কয়েকশ বছরের পুরনো জলাশয় ফেয়ার খাল রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নেন প্রায় চার শতাধিক মানুষ।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের ফিসনেট প্রকল্পের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কয়েকজন জেলে, কৃষক ও নারী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা পানি কমিটির সভাপতি মহিউদ্দিন এসমে, সাধারণ সম্পাদক এরফান আহমেদ সোয়েন, উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক, উপকূলীয় অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের ফিসনেট প্রকল্পের নিজাম উদ্দিন, পরিবেশকর্মী আরাফাত রহমান, স্থানীয় বাসিন্দা ইদ্রিস কাজী ও বাদল সরদার।

বক্তারা বলেন, “ফেয়ার খালটি কয়েকশ বছরের পুরনো। এক সময় মানুষ রান্না, কৃষি ও অন্যান্য কাজে এ খাল ব্যবহার করতো। আজ তা ইতিহাস হয়ে গেছে। আমরা এই খাল পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি। এছাড়াও পাথরঘাটা পৌর শহরের সকল দিঘি ও জলাভূমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের দাবি জানাই।”

মানববন্ধনে অংশ নেওয়া পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন বলেন, “ধরিত্রীর ভারসাম্য রক্ষার জন্য জলাভূমি রক্ষা এখন আমাদের প্রাণের দাবি। বিগত কয়েক বছর ধরে পাথরঘাটা পৌর শহরের জলাভূমি রক্ষার জন্য আন্দোলন করছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কানে পানি যাচ্ছে না।”

উপজেলা পানি কমিটির সভাপতি এরফান আহমেদ সোয়েন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে বলেন, “পানি ছাড়া জীবন অচল। তেমনি জলাশয় ছাড়া পরিবেশ টিকে থাকতে পারবে না। তাই আমরা জলাশয় উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছি।”

এসএইচ 


 

Wordbridge School
Link copied!