• ঢাকা
  • বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লক্ষ্মীপুরে অবৈধ ভোটের ৬ সিল জব্দ, দুইজনের নামে মামলা


লক্ষ্মীপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:৪৮ পিএম
লক্ষ্মীপুরে অবৈধ ভোটের ৬ সিল জব্দ, দুইজনের নামে মামলা

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের ছয়টি সিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী সোহেল রানা ও আরও এক ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে। সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে তার কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে। অন্য আসামির নাম পরে প্রকাশ করা হবে।

গ্রেপ্তার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক সোহেল জানান, অর্ডার পেয়ে সিলগুলো বানিয়েছিলেন। শুক্রবার সিলগুলো নেওয়ার কথা থাকলেও অর্ডারকারী তা নিতে আসেননি। তার সঙ্গে ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে এবং ভয়েস ম্যাসেজও পেয়েছেন।

ঘটনার পর মঙ্গলবার রাতেও বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সিলকাণ্ডে জামায়াতের সংশ্লিষ্টতার পাশাপাশি আটক সোহেলকে জামায়াতের কর্মী দাবি করেন। তবে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াত ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম বলেন, আটক সোহেল জামায়াতের কেউ নন।

এসএইচ 

Wordbridge School
Link copied!