ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘খুবই লেনদেননির্ভর’ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাজ্য সরকারের এক জ্যেষ্ঠ মন্ত্রী। ইরানকে ঘিরে ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন দাবি ও চাপকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। মিত্র দুই দেশের মধ্যে এমন খোলামেলা মূল্যায়ন কূটনৈতিকভাবে কিছুটা অস্বাভাবিক বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালি মুক্ত রাখতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে যুক্তরাজ্য সেই আহ্বানে সাড়া না দিলে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। এ বিষয়ে প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের শ্রম ও অবসরবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফাডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি অনুরোধ মেনে নেওয়ার বাধ্যবাধকতা যুক্তরাজ্যের নেই।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় যুক্তরাজ্য যথেষ্ট সহযোগিতা করছে না-এমন অভিযোগও তুলেছেন ট্রাম্প। এর জবাবে ম্যাকফাডেন বলেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের বাগাড়ম্বরের বাইরে গিয়ে বাস্তব পরিস্থিতি বোঝা জরুরি।
সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাজ্যের প্রতি হতাশা প্রকাশ করেন। কারণ, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে এখনো সম্মতি দেয়নি লন্ডন। ইরানের পাল্টা হামলার পর এই প্রণালিতে জাহাজ চলাচল প্রায় ব্যাহত হয়েছে। অথচ বিশ্ব বাণিজ্যের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ।
ট্রাম্প বলেন, যারা এই প্রণালির সুবিধা নেয়, তাদেরই নিশ্চিত করতে হবে সেখানে কোনো ধরনের অস্থিতিশীলতা না ঘটে। যদি এ বিষয়ে মিত্রদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়া যায়, তাহলে তা ন্যাটো জোটের ভবিষ্যতের জন্যও নেতিবাচক হতে পারে।
এদিকে স্কাইনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকফাডেন বলেন, ট্রাম্পের বক্তব্য তাঁর রাজনৈতিক চরিত্রকেই তুলে ধরে। তিনি মনে করেন, ট্রাম্পের নেতৃত্ব অনেকটাই লেনদেননির্ভর। তবে এই বাস্তবতার মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার বন্ধুত্ব গভীর এবং দীর্ঘদিনের।
যুদ্ধজাহাজ পাঠানোর বদলে যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে মাইন অপসারণে সক্ষম ড্রোন পাঠানোর পরিকল্পনা করছে। ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী সরাসরি সামরিক পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও তীব্র হতে পারে-এমন আশঙ্কা থেকেই লন্ডন বিকল্প এই পথ বেছে নিতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।
এসএইচ







































