• ঢাকা
  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের কমান্ডার নিহত


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৫, ২০২৬, ১১:৩৬ এএম
গাজায় ইসরায়েলি হামলায় হামাসের কমান্ডার নিহত

ফাইল ছবি

ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেডের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির মাহমুদ আবু ইউনিস নিহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) ভোরে হামাসের সশস্ত্র শাখা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, আবু ইউনিস তাদের জেনারেল মিলিটারি কাউন্সিলের সদস্য ছিলেন। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় তিনি নিহত হন।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেতের সঙ্গে যৌথভাবে গাজায় হামাসের সশস্ত্র শাখার এক জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ওই নেতার পরিচয় প্রকাশ করেনি তারা।

এদিকে নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং দুজন আহত হয়েছেন।

আবু ইউনিস এর আগে রাফাহ ব্রিগেডের দায়িত্বে থাকা নাইয়েল আবু ওবায়েদের স্থলাভিষিক্ত হয়েছিলেন। গত ১৫ সেপ্টেম্বর খান ইউনিসে ইসরায়েলি হামলায় নিহত হন আবু ওবায়েদ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় শনিবার পর্যন্ত ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ৯৬৪ জন।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।

যুদ্ধের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, উপত্যকাটি পুনর্গঠনে ব্যয় হতে পারে প্রায় ৭ হাজার ১৪০ কোটি ডলার।

এসআই

Link copied!